ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সাভারে ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ads

জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার সাভারে গুলিসহ হামলায় জড়িত থাকার অভিযোগে সোহেল রানা ওরফে ল্যাংড়া সোহেল (৪৫) নামে  কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌরসভার মজিদপুর এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে  গ্রেপ্তার করা হয় তাকে।


এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল সাভার উপজেলার মজিদপুর এলাকার হেলাল মিয়ার ছেলে ও সাভার থানা যুবলীগের সাবেক সভাপতি। তিনি  বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মণ্ডলের ঘনিষ্ঠ  সহযোগী  হিসেবে পরিচিত।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একদফা আন্দোলন চলাকালে সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে অংশ নেন সোহেল। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক মনে করে এলাকায় ফিরে আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একটি বিশেষ দল সাভার পৌরসভার মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেল রানার বিরুদ্ধে সাভারে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় হওয়া একটি হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। জুলাই অভ্যুত্থানে গত বছরের ৪ ও ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে ছাত্র-জনতা জমায়েত হন।


এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় সাভার ও  আশুলিয়ায় শতাধিক আন্দোলনকারী শহীদ হন। এ ছাড়া বহু মানুষ পঙ্গুত্ববরণ করেন।

ads
ads
ads

Our Facebook Page